রবিবার
০৫ এপ্রিল ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আবারও সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষ করতে একটি চুক্তিতে পৌঁছাতে ইরানকে নতুন করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তিনি।
শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে বা হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর আরও তীব্র হামলা চালানো হবে।
তিনি বলেন, “সময় ফুরিয়ে যাচ্ছে—তাদের ওপর নরক নেমে আসার আগে ৪৮ ঘণ্টা আছে।”
জানা গেছে, ৬ এপ্রিল (সোমবার) ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ৮টায় এই সময়সীমা শেষ হওয়ার কথা রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। এরপর থেকে ট্রাম্প প্রশাসন একদিকে কূটনৈতিক সমাধানের ইঙ্গিত দিলেও অন্যদিকে কঠোর সামরিক হুমকি দিয়ে আসছে।
এদিকে, যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রেও চাপ বাড়ছে। সাম্প্রতিক ঘটনায় দুটি মার্কিন সামরিক বিমান ধ্বংস এবং এক ক্রু সদস্য নিখোঁজ হওয়ার ঘটনায় ওয়াশিংটন চাপে পড়েছে। পাশাপাশি জরিপে ট্রাম্পের জনসমর্থন কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনার সুযোগ থাকলেও তারা চাপের কাছে নতি স্বীকার করবে না।
তিনি বলেন, এই যুদ্ধের একটি “চূড়ান্ত ও স্থায়ী সমাধান” নিয়েই তারা ভাবছে।
এই সংঘাতে ইতোমধ্যে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে, যা বিশ্ব অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।