রবিবার
০৫ এপ্রিল ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: সারা বিশ্বে পণ্যের দাম বাড়ার প্রভাবে বাংলাদেশেও দ্রব্যমূল্য বাড়তে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে এক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, জ্বালানি সংকট এখন আর কোনো একক দেশের সমস্যা নয়; এটি বৈশ্বিক ইস্যুতে পরিণত হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রে তেলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে এবং শ্রীলঙ্কা-তে বেড়েছে প্রায় ২৫ শতাংশ।
তিনি আরও বলেন, বাংলাদেশে এখনো তেলের দাম বাড়ানো না হলেও কতদিন তা সম্ভব হবে, তা বলা যাচ্ছে না। জ্বালানি সংকটের প্রভাব সব ধরনের পণ্য, খাদ্যদ্রব্য এবং সরবরাহ ব্যবস্থার ওপর পড়ছে।
অর্থমন্ত্রী সতর্ক করে বলেন, “আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে—এ নিয়ে কোনো সন্দেহ নেই।”
তিনি জানান, নির্বাচিত সরকার হিসেবে জনগণের ওপর চাপ কম রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে দীর্ঘদিন এই চাপ বহন করা সরকারের জন্য কঠিন হয়ে পড়তে পারে।
সরকারি তহবিল ক্ষতিগ্রস্ত হলে শেষ পর্যন্ত এর প্রভাব জনগণের ওপরই পড়বে উল্লেখ করে তিনি বলেন, বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।