মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, শিরীন শারমিন চৌধুরী বর্তমানে ডিবির হেফাজতে রয়েছেন। তবে তাকে কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন তিনি। এর আগে ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ সময় ধরে এ দায়িত্ব পালন করেন।
জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
মামলাটি করেছেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার। বর্তমানে ওই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুনশি।
শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য ছিলেন।