বুধবার
০৮ এপ্রিল ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার তালতলা এলাকায় লাইসেন্স ছাড়া অকটেন মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ অকটেন জব্দ করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে তালতলা এলাকার ‘হাফেজ মোবারক আলী শাহ ট্রেডার্স’-এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের মালিক জয়নাল আবেদিনের দোকানে তল্লাশি চালিয়ে ১১টি ড্রাম (প্রতি ড্রাম ২০০ লিটার) এবং ১৪টি প্লাস্টিক জার (প্রতি জার ২০ লিটার) মিলিয়ে মোট প্রায় ২ হাজার ৪৮০ লিটার অকটেন উদ্ধার করা হয়। এসব জ্বালানি কোনো বৈধ লাইসেন্স ছাড়াই মজুত রাখা হয়েছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জয়নাল আবেদিন নিজেকে একাধিক বাণিজ্যিক স্পিডবোটের মালিক হিসেবে পরিচয় দিলেও অকটেন কেনার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে তিনি অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।
এ ঘটনায় বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে জরিমানা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই আইনের ২১(ক) ধারা অনুযায়ী জব্দকৃত অকটেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-এর প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এগুলো নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এভাবে দাহ্য পদার্থ মজুত রাখা জননিরাপত্তার জন্য বড় হুমকি। মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় চট্টগ্রামে জ্বালানি তেল মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।