শুক্রবার
১০ এপ্রিল ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


উপজেলা প্রতিনিধি:: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার লিটার ভোজ্যতেল মজুত রাখার অভিযোগে ‘আলম এন্টারপ্রাইজ’-কে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী।
শুক্রবার (১০ এপ্রিল) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
অভিযানে দেখা যায়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদভাবে তেল সংরক্ষণ, প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থতা, পুরোনো স্টক শেষ হওয়ার আগেই নতুন চালান এনে মজুত করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের মতো অনিয়ম করা হয়েছে।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, হাটহাজারী পৌরসভার মেডিকেল গেইট এলাকায় পুরাতন থানার সামনে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা অংশ নেন।
এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয় এবং মজুত তেল বিক্রি শেষ না হওয়া পর্যন্ত নতুন করে তেল মজুত না করার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।