শনিবার
১১ এপ্রিল ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক: নাসার আর্টেমিস-২ মিশনের নভোচারীরা সফলভাবে চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ শেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন।
বাংলাদেশ সময় শনিবার (১১ এপ্রিল) ভোর ৬টা ৭ মিনিটে ওরিয়ন মহাকাশযানটি যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো উপকূল সংলগ্ন প্রশান্ত মহাসাগরে অবতরণ করে।
এই মিশনের মাধ্যমে মানব ইতিহাসে নতুন রেকর্ড গড়া হয়েছে। চার নভোচারীসহ ওরিয়ন নভোযানটি পৃথিবী থেকে চাঁদে যাওয়া-আসায় মোট প্রায় ৬ লাখ ৯৪ হাজার ৪৮১ মাইল পথ অতিক্রম করেছে। এর আগে ১৯৭০ সালের অ্যাপোলো-১৩ মিশনে নভোচারীরা সবচেয়ে দূরে গিয়েছিলেন।
মিশনটি গত ২ এপ্রিল কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে। দীর্ঘ অভিযানের পর পৃথিবীতে ফেরার সময় ওরিয়ন প্রায় ঘণ্টায় ২০ মাইল গতিতে পানিতে আঘাত করে। বিশেষজ্ঞদের মতে, পানিতে এ ধরনের আঘাত অত্যন্ত তীব্র অনুভূত হয়, যেন শক্ত দেয়ালে আঘাত করার মতো।
অবতরণের পর ক্যাপসুলটি সমুদ্রে ভাসতে থাকে এবং স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হওয়া এয়ারব্যাগগুলো এটিকে স্থিতিশীল রাখে। পরে উদ্ধারকারী দল পৌঁছে নভোচারীদের বের করে আনে।
নভোচারীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের সুস্থ (গ্রিন) ঘোষণা করা হয়। এরপর হেলিকপ্টারের মাধ্যমে তাদের যুদ্ধজাহাজে নেওয়া হয়, যেখানে বিস্তারিত চিকিৎসা পরীক্ষা সম্পন্ন করা হয়।
এই সফল মিশনকে চাঁদ ও ভবিষ্যৎ গভীর মহাকাশ অভিযানের পথে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।