শনিবার
১১ এপ্রিল ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশজুড়ে ভোজ্যতেল ও জ্বালানির কৃত্রিম সংকট রোধে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার লিটার অবৈধ মজুত তেল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ৩ লাখ ৬১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযানে চট্টগ্রাম এর হাটহাজারী, কর্ণফুলী, মইজ্জারটেক বাজার, সদরঘাট ও মেডিক্যাল রোডসহ বিভিন্ন এলাকায় আবাসিক ভবন ও ব্যক্তিগত গোডাউন থেকে অকটেন, পেট্রোল, ডিজেল ও ভোজ্যতেল জব্দ করা হয়।
এসব অভিযানে মোট ৪৫ হাজার ৫৪৯ লিটার তেল উদ্ধার করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন, অগ্নিনির্বাপক ব্যবস্থার অভাব ও অবৈধ মজুতের দায়ে ৬টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ১ হাজার ৫০০ লিটার তেলও জব্দ করা হয়।
এদিকে সিরাজগঞ্জ এর সলঙ্গা এলাকায় পৃথক অভিযানে ৭০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রোল অবৈধভাবে মজুতের দায়ে দুইজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।
অন্যদিকে ফরিদপুর এর কোতোয়ালি এলাকায় একটি পেট্রোল পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলের ট্যাংকে অতিরিক্ত জ্বালানি নেওয়ায় এক আরোহীকেও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়, কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।