শনিবার
১১ এপ্রিল ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কথিত ‘পীর’ নিহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় ‘শামিম বাবার দরবার শরিফ’ নামের স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আব্দুর রহমান শামিম (জাহাঙ্গীর) এবং এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শামিমকে কোরআন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায়। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা দরবারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ঘটনাস্থলেই শামিমসহ কয়েকজন আহত হন।
পরে পুলিশ আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামিমকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহত চারজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং বাকিদের চিকিৎসা চলছে।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, ভাইরাল হওয়া ভিডিওটি পুরোনো বলে ধারণা করা হচ্ছে। সেটিকে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও জানান, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।