রবিবার
১২ এপ্রিল ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন কাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার খাল খনন কর্মসূচিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে মেহেরপুরের বলিয়ারপুর গ্রামের কাজলা নদীর সংযোগস্থলে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার খাল খনন কর্মসূচি দেশের কৃষি ও অর্থনীতিতে এক ধরনের বিপ্লব সৃষ্টি করেছিল। সেই ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, খাল পুনঃখননের ফলে নদীর সঙ্গে সংযোগ বৃদ্ধি পাবে, পানি প্রবাহ বাড়বে এবং নৌপরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটবে। একই সঙ্গে খালের পাড়ে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ ও জলবায়ুরও উন্নতি হবে।
মন্ত্রী উল্লেখ করেন, সরকার মেগা প্রকল্পের পরিবর্তে গ্রামভিত্তিক উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। খাল খনন কর্মসূচি এরই অংশ, যা ভবিষ্যতে নতুন এক বিপ্লবে রূপ নিতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের আওতায় প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে ১.১ কিলোমিটার খাল পুনঃখনন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অঞ্চল ভট্টাচার্য।
অনুষ্ঠান শেষে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে তিনি চুয়াডাঙ্গার একটি খাল পুনঃখনন কাজেরও উদ্বোধন করেন।