শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতির মধ্যেই বিপুল পরিমাণ ডিজেল নিয়ে চারটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে। এসব জাহাজে মোট ১ লাখ ৪১ হাজার টন ডিজেল রয়েছে, যা দিয়ে দেশের প্রায় ১২ দিনের জ্বালানি চাহিদা পূরণ করা সম্ভব হবে।
জানা গেছে, শুক্রবার (১৭ এপ্রিল) তিনটি ডিজেলবাহী ট্যাংকার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। এগুলো হলো— এমটি ওকট্রি, এমটি কেপ বনি ও এমটি লিয়ান সং হু। আর এমটি গোল্ডেন হরাইজন নামের আরেকটি ট্যাংকার আগামী রোববার বন্দরে পৌঁছাবে।
ট্যাংকারগুলোর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী জাহাজগুলো বন্দরে পৌঁছাবে এবং দ্রুত খালাস কার্যক্রম শুরু করা হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, দেশে দৈনিক ডিজেলের চাহিদা প্রায় সাড়ে ১২ হাজার টন। সে হিসেবে নতুন আসা এই ডিজেল দিয়ে প্রায় ১২ দিনের চাহিদা পূরণ সম্ভব।
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ধারাবাহিকভাবে আমদানি কার্যক্রম জোরদার করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।