সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

শনিবার

২৫ এপ্রিল ২০২৬

১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

Logo

আইএমএফের চাপ নয়, বাস্তবতায় তেলের দাম সমন্বয়: নৌমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কোনো চাপ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ভর্তুকির চাপ সামাল দিতে না পেরে সরকার বাধ্য হয়েই জ্বালানির দাম সমন্বয় করেছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুর-এ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার দীর্ঘদিন ধরে জ্বালানিতে ভর্তুকি দিয়ে আসছিল। তবে পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত তেলের দাম সমন্বয় করতে হয়েছে। এটি জনগণ ইতিবাচকভাবে নিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, জ্বালানি পাচার রোধ এবং ভর্তুকির চাপ কমাতেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস ভাড়াও সমন্বয় করা হয়েছে।

ভবিষ্যতে তেলের দাম কমলে কোনো আলাপ-আলোচনা ছাড়াই ভাড়াও কমানো হবে এবং এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

মন্ত্রী বলেন, শুধু ডিজেলচালিত বাসের ভাড়া বাড়ানো হয়েছে। গ্যাসচালিত যানবাহনের ভাড়া অপরিবর্তিত থাকবে। এ ক্ষেত্রে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণের পরিকল্পনার কথাও জানান।

তিনি বলেন, ঢাকার প্রধান সড়কগুলোতে পর্যায়ক্রমে অটোরিকশা চলাচল সীমিত করা হবে। এ বিষয়ে প্রস্তুতি চলছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে।
তিনি বলেন, “ঢাকা বাঁচলে দেশ বাঁচবে—তাই রাজধানীর সড়ক শৃঙ্খলা ফেরানো এখন সময়ের দাবি।”