শনিবার
২৫ এপ্রিল ২০২৬
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে গুলিবিদ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ভোররাতে উপজেলার জঙ্গল রাউজান বিএমও ব্রিক ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. বাবুল (৩৫)।
রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে কিছু দুর্বৃত্ত ব্রিক ফিল্ডসংলগ্ন সড়কে বাবুলকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার পিঠে লাগে এবং হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, সকাল ৬টার দিকে পরিবারের সদস্যরা বাবুলকে হাসপাতালে নিয়ে আসেন। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, বাবুল রাতে মাছ ধরতে যাওয়ার পথে হামলার শিকার হন। এ সময় দুর্বৃত্তরা তাকে মারধর করে গুলি করে পালিয়ে যায়।
হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে ওসি সাজেদুল ইসলাম বলেন, ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।