রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

২৫ এপ্রিল ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

লালদীঘির মাটিতে শক্তির গর্জন, আবারও সিংহাসনে বাঘা শরীফ

শাহরিয়ার মুনির জিসান : চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। ফাইনালে রাশেদ বলীকে পরাজিত করে শিরোপা জিতেছেন তিনি।

এ নিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক অর্জন করলেন বাঘা শরীফ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নগরের লালদীঘি মাঠে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে এই ফল নির্ধারিত হয়।

ফাইনালে দুই বলীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন উভয় প্রতিযোগী। টানটান উত্তেজনার এই লড়াইয়ে ২৪ মিনিট ২৬ সেকেন্ডে রাশেদকে পরাজিত করে জয় নিশ্চিত করেন বাঘা শরীফ।

এর আগে প্রথম সেমিফাইনালে মিঠুকে হারিয়ে ফাইনালে ওঠেন রাশেদ। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে বাঘা শরীফ ও শাহ জালালের লড়াই সমঝোতার মাধ্যমে শেষ হলে শরীফকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলে টানা তৃতীয়বারের মতো ফাইনালে মুখোমুখি হন বাঘা শরীফ ও রাশেদ।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পেয়েছেন মিঠু।

জানা গেছে, রাশেদ বলী কুমিল্লা সদর উপজেলার নসরাইল গ্রামের বাসিন্দা। আর বাঘা শরীফ কুমিল্লার হোমনা উপজেলার মণিপুর গ্রামের বাসিন্দা।

এদিকে বলীখেলাকে ঘিরে লালদীঘি মাঠসংলগ্ন এলাকায় বসা বৈশাখী মেলাতেও ছিল উপচে পড়া ভিড়। দিনভর কেনাবেচা, খাবারের স্টল ও বিনোদনের নানা আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া ১০৮ জন বলী এবারের আসরে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।