সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

রবিবার

২৬ এপ্রিল ২০২৬

১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

Logo

চান্দগাঁওয়ে চোর চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার প্রায় ২৪ লাখ টাকা

রোজী চৌধুরী: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় চোর চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত বিপুল পরিমাণ নগদ অর্থও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ভুক্তভোগী মো. কামরুল ইসলাম (২৫) গত ২৬ এপ্রিল চান্দগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে কোনো এক সময়ে অজ্ঞাতনামা চোরেরা সিএন্ডবি মোড়স্থ একটি সিএনজি স্টেশনের অফিস কক্ষের পিছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা স্টিলের আলমিরার লকার ভেঙে ২৬ লাখ ২৯ হাজার ৩৫২ টাকা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় চান্দগাঁও থানায় ৪৫৭/৩৮০ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

ঘটনার পরপরই থানার অফিসার ইনচার্জ মো. নূর হোসেন মামুনের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমটি নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কার্যক্রম পরিচালনা করে।

পরবর্তীতে মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূলহোতা মো. ইউনুছ রনি (৩৭)-কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ মোহরা এলাকার একটি ঝোপঝাড় থেকে দুইটি প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।