সোমবার
২৭ এপ্রিল ২০২৬
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৬ এপ্রিল) এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, অবিভক্ত বাংলার রাজনৈতিক ইতিহাসে ক্ষণজন্মা নেতাদের মধ্যে শেরে বাংলা অন্যতম, যার অবদান আজও স্মরণীয়। তিনি ছিলেন অখণ্ড ভারতের একজন প্রভাবশালী রাজনীতিক।
প্রধানমন্ত্রী তার বাণীতে উল্লেখ করেন, ১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপনের মাধ্যমে এ কে ফজলুল হক উপমহাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেন। তার দৃঢ় নেতৃত্ব এ অঞ্চলের রাজনৈতিক ধারায় স্থায়ী প্রভাব ফেলেছে।
তিনি বলেন, শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের প্রকৃত বন্ধু। কৃষিনির্ভর অর্থনীতির সঙ্গে রাজনীতির সম্পর্ক তিনি গভীরভাবে উপলব্ধি করেন এবং কৃষকদের স্বার্থকে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ১৯৩৭ সালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কৃষক-শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়ন, প্রশাসনকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করা এবং শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বাণীতে বলা হয়, আবুল কাশেম ফজলুল হক কেবল কৃষকদের নেতা ছিলেন না; তিনি ছিলেন সর্বধর্ম-বর্ণের মানুষের নেতা এবং সর্বভারতীয় রাজনীতিতে এক প্রভাবশালী ব্যক্তিত্ব।
বাণীর শেষে প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার রাজনৈতিক দর্শন বর্তমান সময়েও প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন।