সোমবার
২৭ এপ্রিল ২০২৬
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশজুড়ে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে যাচ্ছে সরকার। সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী ৩০ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়ার পরপরই সারাদেশে সমন্বিত সাঁড়াশি অভিযান শুরু হবে।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এই ঘোষণা দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যুবসমাজকে রক্ষা করতে মাদক ও জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় আবাসিক ভবন ও রেস্টুরেন্টের আড়ালে অবৈধ ‘সিসা লাউঞ্জ’ পরিচালনার বিষয়টি উত্থাপন করলে জবাবে মন্ত্রী বলেন, অতীতে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গুলশান, বনানী, ধানমন্ডি ও উত্তরার মতো এলাকায় এসব অবৈধ কার্যক্রম বিস্তার লাভ করেছিল।
তিনি জানান, বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত ১৬ ও ২০ এপ্রিল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিসা ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অবৈধ ব্যবসা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কেউ ঠিকানা পরিবর্তন করে বা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব কার্যক্রম চালাতে না পারে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং এই অভিযানের মাধ্যমে দেশব্যাপী অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।