রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

মঙ্গলবার

২৮ এপ্রিল ২০২৬

৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

সাগরে অস্থিরতা, চট্টগ্রাম-কক্সবাজারসহ ৪ বন্দরে সতর্কতা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বেড়ে যাওয়ায় দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে পুনরায় ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এই পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, দেশের বিভিন্ন অঞ্চলেও বৈরী আবহাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ভোর থেকে দুপুরের মধ্যে রাজধানীসহ দেশের ১৩ জেলায় কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সঙ্গে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঝড়ের তীব্রতা বেশি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এসব অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে ওইসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৈশাখ মাসের এই কালবৈশাখী ঝড় স্বল্প সময়ের মধ্যে তীব্র রূপ নিতে পারে। তাই উপকূলীয় এলাকা ও নদীপথে চলাচলকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদেরও দুপুরের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।