রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

৩০ এপ্রিল ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ধর্মকে নয়, মানবিকতাকেই প্রাধান্য—প্রধানমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে তাদের প্রতিনিধিদের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না এবং অতীতেও তা করেনি। তিনি জোর দিয়ে বলেন, “ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।” দেশের প্রতিটি মানুষ—বাঙালি বা অবাঙালি, বিশ্বাসী বা অবিশ্বাসী—সকলেই সমানভাবে অধিকার ভোগ করবে, এটাই সরকারের মূল নীতি।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের রাজনৈতিক দর্শন ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’, যা দেশের সকল ধর্ম, বর্ণ ও নৃগোষ্ঠীর মধ্যে সহাবস্থান নিশ্চিত করতে সক্ষম। এ সময় তিনি সবাইকে নিজেদের সংখ্যালঘু মনে না করার আহ্বান জানান এবং বলেন, রাষ্ট্র সবার।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশ-বিদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী গৌতম বুদ্ধের পঞ্চশীল নীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রাণী হত্যা, চুরি, মিথ্যা, ব্যভিচার ও মাদক থেকে বিরত থাকার শিক্ষা মানব সমাজে শান্তি ও কল্যাণ বয়ে আনতে পারে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, রাষ্ট্রীয় আইন মেনে চলার পাশাপাশি নাগরিকরা নিজ নিজ ধর্মীয় মূল্যবোধ অনুসরণ করলে একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই মিলে এই দেশ স্বাধীন করেছে, তাই এ দেশ সবার।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের বিভিন্ন মন্ত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বুদ্ধ পূর্ণিমার এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য আনন্দময় ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠুক—এ কামনাও করেন।