শুক্রবার
০১ মে ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করে বেকার হয়ে পড়া শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের পরপরই সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে বন্ধ কলকারখানাগুলো চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। কোন কোন কারখানা দ্রুত চালু করা সম্ভব, সে বিষয়ে কাজ চলছে এবং এ সংক্রান্ত পরবর্তী বৈঠকও নির্ধারিত হয়েছে।
তিনি অভিযোগ করেন, বিগত সরকার দেশের অর্থনীতিকে আমদানিনির্ভর করে ফেলেছিল এবং বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণে বর্তমান সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের পাশাপাশি বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশীয় কর্মসংস্থানের পাশাপাশি বিদেশেও কাজের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানান তিনি।
ফুটপাতের হকারদের উচ্ছেদ নয়, বরং পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য দেওয়া প্রতিশ্রুতিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।
খেলাধুলার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির মাধ্যমে পেশাদার খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু করা হবে।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কিছু মহল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে। এ ধরনের ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চলছে, যা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।
শেষে প্রধানমন্ত্রী বলেন, নারী-পুরুষ সবার অংশগ্রহণে দেশ গড়ার সময় এসেছে। তিনি নিজেসহ মন্ত্রিপরিষদের সদস্যদের ‘দেশ গড়ার শ্রমিক’ হিসেবে উল্লেখ করে সবাইকে উন্নয়নের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।