শনিবার
০২ মে ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (২ মে) সিলেট সফর করছেন। দিনব্যাপী এ সফরে তিনি মাজার জিয়ারত, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং ক্রীড়া কার্যক্রমসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। সেখানে পৌঁছে তিনি প্রথমেই হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন।
এরপর সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটি সুধী সমাবেশে যোগ দেবেন তিনি।
দুপুরে সিলেট সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করবেন তিনি। এই কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।
সফরের শেষ পর্যায়ে শিল্পকলা একাডেমিতে একটি সভায় অংশ নিয়ে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
উল্লেখ্য, প্রায় দুই দশক পর গত ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় সিলেট সফর করেছিলেন তারেক রহমান। তবে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সিলেট সফর।