বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০৩ মে ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শাহ আমানতে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ, ১৩৪৫ কার্টন উদ্ধার

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২৭ লাখ টাকা মূল্যের ১ হাজার ৩৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।

শনিবার (২ মে) রাত ১১টার দিকে বিমানবন্দরের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, কাস্টমস শাখা ও কাস্টমস গোয়েন্দা বিভাগের সমন্বয়ে আন্তর্জাতিক আগমন হলে অভিযান চালিয়ে দুটি পৃথক চালান জব্দ করা হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মাস্কাট থেকে আসা সালাম এয়ার-এর ফ্লাইট ওভি-৪৯৩-এর এক যাত্রী কক্সবাজারের চকরিয়ার মো. শামসুদ্দিনের ব্যাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন সিগারেট পাওয়া যায়।

এছাড়া আন্তর্জাতিক আগমন হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় আরও ১ হাজার ৬৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যগুলো চট্টগ্রাম কাস্টমস হাউস-এর হেফাজতে রাখা হয়েছে।

আটক যাত্রীকে কাস্টমস গোয়েন্দা ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অবৈধ প্রবেশ রোধ ও সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি অব্যাহত থাকবে।