শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

০৫ মে ২০২৬

৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়, শেষ হলো তৃণমূলের ১৫ বছরের শাসন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মোট ২৯৩টি আসনের মধ্যে দলটি ১৬৭টিতে জয় নিশ্চিত করেছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেক বেশি।

অন্যদিকে টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস মাত্র ৫৯টি আসনে জয় পেয়েছে। ফলে স্বাধীনতার পর এই প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।

সোমবার (৪ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে ভারতীয় নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে।

নির্বাচনের এই ফলে ১৫ বছর ধরে রাজ্যের ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়-এর শাসনের অবসান ঘটতে যাচ্ছে। সবচেয়ে আলোচিত ঘটনা হলো, নিজের আসন ভবানীপুরেও পরাজিত হয়েছেন তিনি। সেখানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৬৬ হাজার ৭৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে মমতা পেয়েছেন ৫৫ হাজার ৭৮২ ভোট। ব্যবধান দাঁড়িয়েছে ১১ হাজার ৩ ভোট।

এছাড়া নন্দীগ্রাম আসনেও শুভেন্দু অধিকারী এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন। তৃণমূলের প্রার্থী পবিত্র করকে মাঠে নামিয়েও ফল ঘুরিয়ে আনতে পারেনি দলটি।

উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস টানা চতুর্থবার জয়ের আশা প্রকাশ করলেও চূড়ান্ত ফলে সম্পূর্ণ ভিন্ন চিত্র উঠে এসেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ফল ভারতের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক যুগের সূচনা হতে যাচ্ছে।