মঙ্গলবার
০৫ মে ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আগামী এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “আমরা আগেও বলেছি, এখনো বলছি—এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা করব।”
স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “স্থানীয় সরকার শক্তিশালী করতে পারলে রাষ্ট্রও শক্তিশালী হবে।” এ লক্ষ্যে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, সরকারের কর্মসূচি বাস্তবায়নে সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মাঠ প্রশাসনের সক্রিয় ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
এ সময় জনগণের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “জনগণই এই দেশের মালিক। তাদের সঙ্গে নিয়েই সব কাজ করতে হবে, কারণ তৃণমূলের মানুষই শেষ পর্যন্ত সবকিছু নির্ধারণ করেন।”
তিনি আরও জানান, ডিসি সম্মেলনের মাধ্যমে মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের এই মতবিনিময় অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানো হবে।