শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০৭ মে ২০২৬

১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

‘লালে লাল’ ধ্বনিতে শুরু শাহজালালের ৭০৭তম ওরস

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: গিলাফ বদলের মধ্য দিয়ে সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম বার্ষিক ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে মাজার কর্তৃপক্ষ গিলাফ পরিবর্তনের পর শুরু হয় পবিত্র ওরসের আনুষ্ঠানিক কার্যক্রম।

পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্ত-আশেকানরা ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগানে মুখরিত করে তোলেন পুরো মাজার প্রাঙ্গণ।

শুক্রবার (৮ মে) ভোরে আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এই ওরস। মোনাজাত পরিচালনা করবেন দরগাহ মাজার মসজিদের মোতোয়ালি ফতেউল্লাহ আল আমান।

ওরস উপলক্ষে মাজার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের বিশেষ টিমও সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো একটি গরু মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাঠানো গিলাফও মাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে।

মাজারের খাদেম শামুন মাহমুদ খান বলেন, এবারের ওরসে শতাধিক গরু ও খাসি দান হিসেবে পাওয়া গেছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মঞ্জুরুল আলম জানান, ভক্ত-অনুরাগীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।