রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

০৮ মে ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শিক্ষা হবে চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন সেতুবন্ধন: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা হবে চীন ও বাংলাদেশের সম্পর্কের অন্যতম প্রধান সেতুবন্ধন। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে শিক্ষাখাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) আয়োজিত ‘চায়না-বাংলাদেশ রাউন্ড টেবিল অন গভর্ন্যান্স এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এ সম্পর্ক আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশের শিক্ষাখাতের উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। বিশেষ করে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে দুই দেশের যৌথ উদ্যোগ সময়ের দাবি।

ড. মিলন বলেন, বাংলাদেশ একটি জনবহুল দেশ। এই বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলে দেশ আরও উন্নত পর্যায়ে পৌঁছাবে। এজন্য কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর দিতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে বৈশ্বিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও কারিগরি খাতে চীনের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।