শনিবার
০৯ মে ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) ভোরে উপজেলার রাউৎকোনা গ্রামের ফোরকান মিয়ার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, সকালে ঘরের মেঝেতে তিন শিশু, এক নারী ও এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেল) আসাদুজ্জামান।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহকর্তা ফোরকান মিয়াই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। নিহতরা হলেন তার স্ত্রী, তিন সন্তান ও শ্যালক। ঘটনার পর থেকেই ফোরকান মিয়া পলাতক রয়েছেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।