শনিবার
০৯ মে ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে প্রথমে অনীহা দেখালেও শেষ পর্যন্ত পরাজয় মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের সংক্ষিপ্ত পরিচিতি বা বায়ো পরিবর্তন করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা। সেখানে এখন তাকে পশ্চিমবঙ্গের সাবেক তিন মেয়াদের মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
নতুন বায়োতে লেখা হয়েছে, “অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (১৫তম, ১৬তম, ১৭তম বিধানসভা)।”
শনিবার পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথের দিনই এই পরিবর্তন নজরে আসে। একইদিন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। গত মাসের বিধানসভা নির্বাচনে কলকাতার ভবানীপুর আসনে শুভেন্দুর কাছেই পরাজিত হন মমতা।
২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৮০টি আসন। অন্যদিকে বিজেপি জয় পেয়েছে ২০৭টি আসনে, যার মাধ্যমে টানা দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটে।
নির্বাচনের ফল ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, “এই ফল জনগণের রায় নয়, বরং একটি ষড়যন্ত্র।” সেই সময় তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তেও অস্বীকৃতি জানিয়েছিলেন।
তবে এক্সের বায়ো পরিবর্তনের পর রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে—শেষ পর্যন্ত কি পরাজয় মেনে নিলেন মমতা?