শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১০ মে ২০২৬

১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসের জামিন আবেদন নাকচ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী-এর জামিন আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ জামিন প্রশ্নে আগে জারি করা রুল খারিজ করে এ আদেশ দেন।

তবে তার বিরুদ্ধে থাকা আরও চার মামলায় জামিন বিষয়ে আদেশের জন্য সোমবার দিন ধার্য করেছেন আদালত।

হত্যাসহ পৃথক পাঁচটি মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয় গত বৃহস্পতিবার। ওইদিন তার পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।

এর আগে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাই কোর্ট থেকে জামিন পান চিন্ময় দাস। তবে পরে আইনজীবী হত্যা ও সহিংসতার ঘটনায় দায়ের করা পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৫ নভেম্বর চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর প্রতিবাদে তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন এবং তাকে কারাগারে নিতে বাধা দেন। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে কাছাকাছি এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার পর আলিফের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এছাড়া পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও চারটি মামলা হয়।

বর্তমানে এসব মামলায় চিন্ময় কৃষ্ণ দাস কারাবন্দি রয়েছেন।