সোমবার
১১ মে ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


ক্রীড়া প্রতিবেদক:: গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম অলি উল্যাকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ফয়সাল দস্তগীর।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত এক নোটিশে কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে ভারতের পরিবর্তে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করেছিল। তবে আইসিসি সেই প্রস্তাব গ্রহণ না করায় তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয় বিসিবি।
পরে সে সময়ের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও জানান, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়েই সরকার এ সিদ্ধান্ত নিয়েছিল।
এর আগে উগ্রবাদী গোষ্ঠীর হুমকির জেরে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল তৎকালীন বিসিবি সভাপতি আমিনুল ইসলামর নেতৃত্বাধীন বোর্ড।
গত মার্চে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রতিমন্ত্রী আমিনুল হক এ সিদ্ধান্তের তদন্তের ঘোষণা দিয়েছিলেন। এবার সেই ঘোষণার বাস্তবায়ন হিসেবে আনুষ্ঠানিকভাবে তদন্ত কমিটি গঠন করা হলো।