মঙ্গলবার
১২ মে ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দলীয় পরিচয়ের আড়ালে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। দলের কেউ অপরাধে জড়ালে সাধারণ মানুষের চেয়েও কঠোরভাবে আইন প্রয়োগের আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১২ মে) হাটহাজারী পৌরসভা প্রাঙ্গণে অতিদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর স্পষ্ট নির্দেশনা হলো— “অপরাধীর কোনো দল নেই।” দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে কেউ জড়িত হলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আন্দোলনের নাম ব্যবহার করে কেউ যদি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ান, তাহলে তাদের বিরুদ্ধে আইন আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো তদবির না শোনারও আহ্বান জানান তিনি।
মীর হেলাল বলেন, “যদি আমার কোনো অনুসারী অপরাধীর পক্ষে সুপারিশ করে, তাহলে সরাসরি আমাকে জানাবেন। আমি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে। বিশেষ করে হাটহাজারী ও বায়েজিদ এলাকাকে অপরাধমুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। এখন লক্ষ্য হলো উন্নত ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা।
ভিজিএফ বিতরণ শেষে তিনি হাটহাজারী পৌরসভার বিভিন্ন উন্নয়নকাজ উদ্বোধন করেন। এর মধ্যে ছিল শীলছড়ি সড়কের কার্পেটিং কাজ, স্মার্ট এলইডি সড়ক বাতি স্থাপন, ফরহাদাবাদ ইউনিয়ন এলাকায় সড়ক উন্নয়ন এবং নতুন সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্প।