শুক্রবার
১৫ মে ২০২৬
১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন। একই প্যানেল থেকে সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এবারের নির্বাচনে ১৪টি পদের মধ্যে ১৩টিতেই জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। বাকি একটি সদস্য পদে জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।
দুদিনব্যাপী ভোটগ্রহণে মোট ৪ হাজার ৪৮টি ভোট পড়ে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ১৩ ও ১৪ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিএনপি সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছেন মো. জিয়াউর রহমান। সহসম্পাদক নির্বাচিত হয়েছেন মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।
সদস্য পদে বিজয়ী হয়েছেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী।