শনিবার
১৬ মে ২০২৬
১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: লিভারের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার (১৫ মে) কারিনা কায়সারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, “ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ তার রক্তচাপ অনেক নিচে নেমে যায়। এরপর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।”
পারিবারিক ও চিকিৎসাসূত্রে জানা গেছে, লিভারজনিত জটিলতায় গত কয়েকদিন ধরে সংকটাপন্ন অবস্থায় ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।
সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে তার নিবিড় চিকিৎসা চলছিল। চিকিৎসকরা প্রথমে ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে যকৃত প্রতিস্থাপনের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব কনটেন্ট ও অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। তার অকাল মৃত্যুতে বিনোদন অঙ্গনসহ ভক্ত-অনুরাগীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।