সোমবার
১৮ মে ২০২৬
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে সফর, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট আন্দোলনের গ্রাফিতি ঘিরে বিতর্কের মধ্যেই নিজ হাতে গ্রাফিতি অংকন করলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি ‘৩৬ জুলাই’ লিখে গ্রাফিতি অংকন কর্মসূচির উদ্বোধন করেন।
সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের প্রবেশমুখে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এ সময় মেয়র বলেন, “জুলাই-আগস্টের চেতনা যারা ধারণ করে, সেই চেতনায় যে কেউ গ্রাফিতি অংকন করতে পারবে। আমি নিজ হাতে আঁকলাম। নান্দনিক গ্রাফিতি অংকনের জন্য কেউ সহযোগিতা চাইলে আমি ব্যক্তিগতভাবে কিংবা সিটি করপোরেশনের পক্ষ থেকেও সহায়তা করবো।”
তিনি আরও বলেন, “আমাদের সবাইকে জুলাই-আগস্টের চেতনার সঙ্গে থাকতে হবে।”
গ্রাফিতি অংকন কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকালে টাইগারপাস দেওয়ানহাট থেকে জিইসি মোড় পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তবে সন্ধ্যায় সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
এর আগে নিষেধাজ্ঞা অমান্য করে গ্রাফিতি আঁকতে গেলে পুলিশের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে নারীর গায়ে হাত দেওয়ার অভিযোগও তোলে এনসিপি। ঘটনাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা বিরাজ করে এলাকায়।
পরে বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুনরায় গ্রাফিতি অংকন কর্মসূচি ঘোষণা দেয় এনসিপি। ঘোষণার পর সন্ধ্যা থেকে নগরীর বিভিন্ন এলাকায় গ্রাফিতি আঁকার কার্যক্রম শুরু হয়।