বৃহস্পতিবার
২১ মে ২০২৬
৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় দীর্ঘ সময় মাঠে দায়িত্ব পালনের পর এখন সেনাবাহিনী ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে। ভবিষ্যৎ যুদ্ধ প্রস্তুতি, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বজায় রাখাই এখন বাহিনীর প্রধান লক্ষ্য।
বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাস এ ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, “২০২৪ সালের ২০ জুলাই থেকে দেশের প্রয়োজনে সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের প্রয়োজন হলে যেকোনো সময় আমরা আবারও দায়িত্ব পালনে প্রস্তুত।”
তিনি আরও বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হচ্ছে বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, মনোবল ও শৃঙ্খলা অটুট রাখা। সেই লক্ষ্যেই এখন নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে জোর দেওয়া হচ্ছে।
দীর্ঘ ১৮ মাস মাঠে দায়িত্ব পালনের পরও সেনাসদস্যদের ফায়ারিং দক্ষতার প্রশংসা করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, প্রতিযোগিতায় অংশ নেওয়া সদস্যদের পারফরম্যান্স অত্যন্ত প্রশংসনীয় এবং অভূতপূর্ব।
প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান। এবারের প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হয়।
উল্লেখ্য, গত ১৬ মে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।