শুক্রবার
২২ মে ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানার অতীত কর্মকাণ্ড ভালো ছিল না বলে জানিয়েছেন মো. শফিকুল ইসলাম।
শুক্রবার (২২ মে) ঢাকা মহানগর পুলিশ মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিবিপ্রধান বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত আদালতে জমা দেওয়া হবে। তিনি জানান, প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানা আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং তার স্বভাব-চরিত্র ভালো ছিল না।
এদিকে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার পরিবারের সঙ্গে দেখা করার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, পুলিশ দ্রুততার সঙ্গে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চার্জশিট দাখিলের আগে ডিএনএ পরীক্ষা সম্পন্ন করতে হবে। এ জন্য আদালতের অনুমতি নিয়ে সিআইডি ল্যাবে পরীক্ষা চলছে। তিনি জানান, ডিএনএ পরীক্ষার ফল পেতে ৪৮ ঘণ্টা সময় লাগে এবং রোববারের মধ্যেই চার্জশিট জমা দেওয়ার চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ সম্পন্ন করে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার চেষ্টা চালাবে।
গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।