রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

২৩ মে ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ত্রিশালে ‘ধরার খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে মৃতপ্রায় ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন এবং ময়মনসিংহের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘ধরার খাল’ খনন কাজের উদ্বোধন করেছিলেন। প্রায় ৩ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ খালটি বর্তমানে মৃতপ্রায় অবস্থায় রয়েছে। সরকারের খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এবার সেই খালের পুনরুদ্ধার কার্যক্রমের সূচনা করলেন তার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান।

স্থানীয় বাসিন্দারা এ ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। কানহর গ্রামের প্রবীণ বাসিন্দা জালাল ইসলাম স্মৃতিচারণ করে বলেন, “তখন আমি ছোট ছিলাম। নিজ হাতে কোদাল দিয়ে খাল খননের উদ্বোধন করেছিলেন জিয়াউর রহমান।”

কানহর মোড় মসজিদের সাবেক ইমাম মো. শহিদুল্লাহ বলেন, “বাবা রাষ্ট্রপতি হয়ে এসেছিলেন, এখন ছেলে প্রধানমন্ত্রী হয়ে এসেছেন। আমরা খুব আনন্দিত।”

তিনি এলাকার সড়ক উন্নয়ন ও একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের দাবিও জানান।

বৈলর ইউনিয়নের দরিয়ারপুর গ্রামে কোদাল দিয়ে প্রতীকী খনন কাজ শেষে খালের পাড়ে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয় সুধী সমাবেশে যোগ দেন তিনি। এ সময় তাকে দেখতে এলাকায় উৎসুক জনতার ভিড় দেখা যায়।

স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন বলেন, ১৯৭৬-৭৭ সালে দেশব্যাপী যে খাল খনন কর্মসূচি নেওয়া হয়েছিল, ত্রিশালের এই খালও ছিল তার অংশ।

পরে বিকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন এবং দলীয় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।