শনিবার
২৩ মে ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের ভাগ্য উন্নয়নে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়। তবে এই অগ্রযাত্রাকে নস্যাৎ করতে একটি মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
শনিবার (২৩ মে) দুপুরে ত্রিশাল উপজেলার বইলর এলাকায় চার কিলোমিটার দীর্ঘ ধরার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ৫ আগস্ট পতিত স্বৈরাচারের বিদায়ের পরও একটি গোষ্ঠী গোপনে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে কিছু অপশক্তির যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জনগণের উন্নয়ন ব্যাহত করতে এসব অপচেষ্টা চালানো হচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপিকে বিজয়ী করার পর সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ ও খাবার এবং মসজিদের ইমামদের জন্য ভাতা কার্যক্রম চালু করেছে। সরকারের লক্ষ্য জনগণের জীবনমান উন্নয়ন করা।
ময়মনসিংহ অঞ্চলে পর্যায়ক্রমে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আজ যে খাল পুনঃখনন করা হলো, এর মাধ্যমে প্রায় ৪ হাজার কৃষক পরিবার উপকৃত হবে।
সম্প্রতি আলোচিত রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অপরাধীদের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তবে আইনের নির্ধারিত প্রক্রিয়ার মধ্য দিয়েই বিচার সম্পন্ন হবে।
এ সময় তিনি অভিযোগ করেন, একটি মহল এসব ঘটনাকে ইস্যু বানিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। অথচ জনগণের উন্নয়ন বা কল্যাণ নিয়ে তাদের কোনো বক্তব্য নেই।
অনুষ্ঠানে ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন।
এর আগে মুষলধারে বৃষ্টির মধ্যেই অনুষ্ঠানস্থলে পৌঁছে খাল পুনঃখননের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে খালে নেমে শ্রমিকদের সঙ্গে মাটি কাটায় অংশ নেন তিনি।