বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

২৩ মে ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামে ভবনের লিফটের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরের পাঠানটুলি এলাকায় একটি আবাসিক ভবনের লিফটের নিচ থেকে মাশফিক (৩৮) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ পাঠানটুলির খান বাড়ি এলাকায় ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় লিফটের নিচের অংশ খুলে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজন ও বন্ধুদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাশফিক বাসা থেকে বের হন। পরে সিসিটিভি ফুটেজে রাত ২টার দিকে তাকে ভবনে প্রবেশ করে লিফটে ওপরে উঠতে দেখা যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

শনিবার সকালে ভবনের ১০ তলার লিফটের দরজা ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লিফটের নিচে রক্তাক্ত অবস্থায় মাশফিকের মরদেহ উদ্ধার করে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লিফটের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থলের আলামত ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।