রবিবার
২৪ মে ২০২৬
১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম সোমবার (৮ জিলহজ) সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। হাজিদের মিনায় গমন সহজ ও নিরাপদ করতে সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী রোববার রাত থেকেই মিনার উদ্দেশে রওয়ানা দেবেন হজযাত্রীরা।
বাংলাদেশের হজযাত্রীদের মিনায় পাঠানোর সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে বাংলাদেশ হজ অফিস ও সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো।
শরিয়তের বিধান অনুযায়ী, হাজিরা ৮ জিলহজ মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। এরপর ৯ জিলহজ (মঙ্গলবার) আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন তারা।
এ বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। তিনি মসজিদে নববী–এর প্রধান ইমাম ও খতিব।
খুতবার পর হাজিরা একসঙ্গে যোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন। ইসলামী শরিয়তে আরাফাতে অবস্থান করাকেই হজের মূল অংশ হিসেবে গণ্য করা হয়।
৯ জিলহজ সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফা–র উদ্দেশে রওনা হবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন।
পরদিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগে মিনায় ফিরে বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন হাজিরা। এরপর পশু কোরবানি ও মাথা মুণ্ডন বা চুল ছোট করার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
১১ ও ১২ জিলহজ হজের বাকি আনুষ্ঠানিকতা শেষে ১২ জিলহজ সূর্যাস্তের আগেই মিনাত্যাগ করবেন তারা।
এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনুমানিক ১৬ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকে চলতি বছর প্রায় ৭৮ হাজার ৫০০ হজযাত্রী হজে অংশ নিয়েছেন।