বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২৫ মে ২০২৬

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সলিমপুরে মধ্যরাতের গোলাগুলি, যৌথ বাহিনীর সঙ্গে ইয়াসিন গ্রুপের সংঘর্ষ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর একটি ক্যাম্পে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ। এ সময় যৌথ বাহিনীর সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

রোববার (২৪ মে) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ হঠাৎ করে ক্যাম্প লক্ষ্য করে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী নন-লিথাল বা প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করে। রাতভর উত্তেজনাকর পরিস্থিতির পর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

গুলিবিনিময়ের একপর্যায়ে যৌথ বাহিনীর অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরে ক্যাম্পের আশপাশ এলাকায় তল্লাশি চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা কাউকে আটকের কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ৯ মার্চ জঙ্গল সলিমপুর এলাকায় বড় ধরনের যৌথ অভিযান পরিচালনা করা হয়। তৎকালীন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও বর্তমানে র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন বাহিনীর ৩ হাজারের বেশি সদস্য অংশ নেন। তিনটি হেলিকপ্টারসহ পরিচালিত ওই অভিযানের লক্ষ্য ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড দমন ও অবৈধ অস্ত্র উদ্ধার।

দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকায় একটি চক্র অবৈধভাবে জমি দখল, জাল কাগজ তৈরি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে, সাধারণ মানুষ তো দূরের কথা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে প্রবেশ করতে ভয় পেতেন।

পঞ্চম দফার অভিযানে যৌথ বাহিনী এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এবং সেখানে অস্থায়ী পুলিশ ও র‍্যাব ক্যাম্প স্থাপন করা হয়।