রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৬ মে ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে ২০ লাখ মুসল্লির সমাবেশ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আজ মঙ্গলবার পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা পালিত হচ্ছে। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পবিত্র আরাফাতের ময়দান। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২০ লাখের বেশি মুসলমান আজ আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন।

এর মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ৭৮ হাজারেরও বেশি হজযাত্রী।

ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হজ পালনে সাদা এহরামে আচ্ছাদিত লাখো মুসল্লির উপস্থিতিতে আরাফাতের বিশাল প্রান্তর এক অনন্য আধ্যাত্মিক পরিবেশে রূপ নিয়েছে। পাপমুক্তি, আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় হাজিরা দিনভর ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।

আজ ৯ জিলহজ, হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। ফজরের পর থেকেই হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান নিয়েছেন। সেখানে তারা জোহর ও আসরের নামাজ আদায় করবেন, হজের খুতবা শুনবেন এবং সূর্যাস্ত পর্যন্ত দোয়া ও জিকিরে সময় কাটাবেন।

এ বছর আরাফার মসজিদে নামিরায় হজের খুতবা প্রদান করবেন মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি।

সূর্যাস্তের পর হাজিরারা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে রাতযাপন করবেন এবং মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের জন্য কংকর সংগ্রহ করবেন।

পরদিন ১০ জিলহজ মিনায় গিয়ে হাজিরারা পর্যায়ক্রমে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুণ্ডন এবং তাওয়াফে জিয়ারতের আনুষ্ঠানিকতা পালন করবেন। পরে বিদায়ী তাওয়াফের মাধ্যমে সম্পন্ন হবে পবিত্র হজ।

এদিকে হজ উপলক্ষে মক্কা, মদিনা, মিনা, আরাফাত ও মুজদালিফাসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। মোতায়েন করা হয়েছে এক লাখের বেশি নিরাপত্তাকর্মী।

তীব্র গরম মোকাবিলায় এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সৌদিতে সোমবার গড় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গত বছরের অভিজ্ঞতা মাথায় রেখে ৪০টির বেশি সরকারি সংস্থা ও আড়াই লাখ কর্মকর্তা হজ ব্যবস্থাপনায় কাজ করছেন।

এবার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি, ড্রোন ক্যামেরা এবং তথ্য বিশ্লেষণ ব্যবস্থাও হজ ব্যবস্থাপনায় যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।