মঙ্গলবার
২৬ মে ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (২৬ মে) দুপুরের আগে ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বেলা ১১টা ৪১ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ভালুকা এলাকায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৪।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর গণমাধ্যমকে বলেন, এটি স্বল্পমাত্রার ভূমিকম্প। এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। তবে রাজধানীসহ বিভিন্ন এলাকায় মানুষ কম্পন অনুভব করেছেন।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ভূমিকম্পঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থান করছে। কারণ, দেশের অবস্থান তিনটি ভূমিকম্পপ্রবণ টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি। ফলে মাঝেমধ্যে ভূমিকম্প হওয়াকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখা হয়।
তবে উদ্বেগের বিষয় হলো, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের প্রবণতা বেড়েছে। বিশেষ করে আগে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও এখন বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।