মঙ্গলবার
২৬ মে ২০২৬
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
মঙ্গলবার (২৬ মে) ভোর ৫টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দ নগর জব্বার বাপের বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন জহির আহমেদ, মো. ইদ্রিস, মো. নাছির, জসিম উদ্দিন ও মো. রাশেদ।
স্থানীয়রা জানান, ভোরের দিকে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ঘরের ভেতরের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, আগুনে একটি সেমিপাকা ও চারটি টিনশেড বসতঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।