রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২৮ মে ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

জাতীয় ঈদগাহে প্রধান জামাত, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বার্তা নিয়ে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। এতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সর্বস্তরের মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। নামাজ শেষে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

ঈদ জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি মোতায়েন ছিল গোয়েন্দা নজরদারিও। মুসল্লিদের সুশৃঙ্খলভাবে প্রবেশ নিশ্চিত করতে ঈদগাহের চারপাশে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়। মুসল্লিদের জন্য পানীয় পানি, প্রাথমিক চিকিৎসা ও অজুর বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছিল।

এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর বিভিন্ন মসজিদ ও ঈদগাহে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদকে ঘিরে রাজধানীজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

নামাজ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং ত্যাগের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে মানবিক ও সহমর্মী সমাজ গঠনের আহ্বান জানান।