বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২৮ মে ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বঙ্গোপসাগরে তেলবাহী জাহাজে আগুন, ২২ ক্রু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে তেলবাহী জাহাজ ‘এমটি মেঘনা ট্রেডার’-এ ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটে জাহাজটিতে আগুন লাগার খবর পেয়ে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌবাহিনী।

কোস্ট গার্ড সূত্র জানায়, খবর পাওয়ার পরপরই বাহিনীর একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উদ্ধার অভিযানে অংশ নেয় কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণ জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’। পাশাপাশি ‘বিসিজি বেইস চট্টগ্রাম’, ‘বিসিজি আউটপোস্ট পতেঙ্গা’ এবং একাধিক হাইস্পিড বোটও মোতায়েন করা হয়।

উদ্ধার কার্যক্রমে নৌবাহিনীর একটি বিশেষ দলও যোগ দেয়। আগুন লাগা জাহাজটি থেকে ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ডের জনসংযোগ শাখা।

দায়িত্বরত মিডিয়া কর্মকর্তা জানান, বেলা সোয়া ১১টার দিকে জাহাজটির বাইরের আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে তখনও আগুন জ্বলছিল। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকারীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, জাহাজটিতে কী ধরনের তেল ছিল এবং কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নেভানোর পর বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।