বৃহস্পতিবার
২৮ মে ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও দেশের জনগণকে শুভেচ্ছা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি–কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।
ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ঈদুল আজহার পবিত্র ও আনন্দঘন উপলক্ষে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানানোর জন্য তিনি নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাচ্ছেন।
তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও সদিচ্ছার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যকার সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও গভীরতর হবে বলে তিনি আশা করেন।
এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের উদ্দেশে শুভেচ্ছা বার্তা পাঠান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তায় তিনি ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।