শুক্রবার
২৯ মে ২০২৬
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


বিশেষ প্রতিনিধি:: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক এস এম সামজাত। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ঘোষণা পত্রিকার চট্টগ্রাম জেলার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার সারোয়াতলী ইউনিয়ন-এর পশ্চিম সারোয়াতলী এলাকার বাসিন্দা এস এম সামজাত অভিযোগ করেন, একই এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. নুরুল আবছার ওরফে “গলা কাটা আবছার” দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হয়রানি করে আসছেন।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময় সাংবাদিকের বাড়ির সামনে এসে চিৎকার-চেঁচামেচি ও উশৃঙ্খল আচরণ করতেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।
এছাড়া গলা কাটা আবছার বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন সাংবাদিক এস এম সামজাত। তার অসৎ কাজে বাধা দিলে প্রাণনাশের হুমকি, মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলার উদ্দেশ্যে তেড়ে আসার ঘটনাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরও জানা যায়, বিভিন্ন সময়ে রাস্তাঘাটে দেখা হলে অভিযুক্ত অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে হাতে ছুরি নিয়ে সাংবাদিকের বাড়ির সামনে এসে তাকে হত্যার হুমকি, এলাকা ছাড়া এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ভীতি দেখান বলে জিডিতে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী সাংবাদিক এস এম সামজাত জানান, এ ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করেই তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয়ে বোয়ালখালী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”