রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

৩০ মে ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শান্তিপূর্ণভাবে শেষ হজ, দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: কোনো ধরনের বড় অপ্রতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে এবারের পবিত্র হজ। হজের সব আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশি হাজিরা দেশে ফিরতে শুরু করেছেন।

তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে শুক্রবার শেষ হয় হজের আনুষ্ঠানিক কার্যক্রম। শনিবার দিবাগত রাত থেকে শুরু হয়েছে ফিরতি হজ ফ্লাইট।

সৌদি আরবের কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে প্রথম ফিরতি ফ্লাইট বাংলাদেশে রওনা হয়। প্রথম দিন ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন।

চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১ জুলাই পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হবে।

হজ-পরবর্তী সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, মহান আল্লাহর অশেষ রহমত ও সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টায় এবারের হজ সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি জানান, হজযাত্রীদের জন্য বিভিন্ন সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, যার মধ্যে ছিল বিনামূল্যে লাগেজ র‌্যাপিং, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং আরাফা ও মিনায় জুস বিতরণ।

তিনি আরও বলেন, আগামী বছর হজ ব্যবস্থাপনা আরও উন্নত করতে বিভিন্ন হজ প্যাকেজ ও বেসরকারি এজেন্সির কার্যক্রম মূল্যায়ন করা হবে। একই সঙ্গে হজের ব্যয় কমানোর বিষয়েও সরকার কাজ করছে।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, সরকার, সৌদি কর্তৃপক্ষ, এয়ারলাইন্স, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় এবারের হজ ব্যবস্থাপনা সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।