শনিবার
৩০ মে ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা ‘বিপ্লবী’ কর্মসূচিগুলো তার ছেলে ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আবারও বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, “মাত্র সাড়ে তিন বছরে রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন। আজ তারই যোগ্য উত্তরাধিকারী তারেক রহমান দেশের নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করেছি এবং সংস্কারের কাজ এগিয়ে নিচ্ছি।”
তিনি দাবি করেন, সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি ইতোমধ্যে দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। একসময় ‘বটমলেস বাস্কেট’ হিসেবে পরিচিত বাংলাদেশ এখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, “আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই যথাযথ গাম্ভীর্য, শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে দিনটি স্মরণ করতে, যাতে এটি আমাদের ভবিষ্যতের পথচলায় অনুপ্রেরণা জোগায়।”
জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার উল্লেখ করে ফখরুল বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর ফ্যাসিবাদী শাসনের কারণে দলটি এই দিবস যথাযথভাবে পালন করতে পারেনি। তিনি অতীতের একটি ঘটনার উল্লেখ করে বলেন, একবার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের হামলায় বিএনপির অনেক নেতা আহত হয়েছিলেন। তবে বর্তমানে মুক্ত পরিবেশে দিবসটি পালন করা যাচ্ছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।
জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
পরে বেলা ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জ্যেষ্ঠ নেতারা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।