সোমবার
০১ জুন ২০২৬
৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার ও টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়।
সোমবার (১ জুন) সকালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর প্রধান কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা। তারা নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ অভিযান শুরু করে। একপর্যায়ে লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করা হলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অযৌক্তিকভাবে বলপ্রয়োগ করা হয়েছে। তাদের দাবি, নতুন চেয়ারম্যান অতীতে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠীর ঘনিষ্ঠ হওয়ায় ব্যাংকে পুনরায় অনিয়ম ও লুটপাটের আশঙ্কা রয়েছে। এ কারণেই তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন।
তবে পুলিশ প্রথম দফায় বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার পরও আন্দোলনকারীরা পুনরায় ব্যাংক এলাকার সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন।
ঘটনার পর ব্যাংক ভবন ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।